ঢাকায় মার্কিন দূতাবাসে পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের। ঢাকায় দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, যে দেশটির সঙ্গে তিনি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে আবার ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে তাকে স্বাগত জানায়। দূতাবাস জানায়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
শপথগ্রহণের পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি আগ্রহী। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে এবং প্রতিদিন নিরলসভাবে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তিনি উচ্ছ্বসিত।
আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

