তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে উদ্ভূত আপিলের শুনানি নবম দিনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চে রাষ্ট্র পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুনানিতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।
১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে। পরবর্তীতে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাপ্তি টেনে একই বছরের ৩০ জুন পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী।
তবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন বিএনপি, জামায়াতে ইসলামীর একাংশ, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং আরও একজন আবেদনকারী। গত ২৭ আগস্ট আপিল বিভাগ রিভিউ আবেদন থেকে আপিল শুনানির অনুমতি (লিভ) মঞ্জুর করে এবং ২১ অক্টোবর থেকে শুনানি শুরু হয়।
এদিকে, এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আবারো রাজনৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
শুনানি অব্যাহত রয়েছে। আদালত পরবর্তী নির্দেশনা পরবর্তীতে প্রদান করবেন।

