মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী ) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার পৌরসভার মাদরাসা পাড়া এলাকায় মশা তাড়াতে জ্বালানো তুষের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭টি ঘর পুড়ে গেছে এবং প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে—ডোমার বাজারের জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি (৪০) এবং বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্য মোছা. খাদিজা বেগম (৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর উদ্দেশ্যে তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে ব্যস্ত হয়ে পড়লে অসাবধানতাবশত আগুনটি পাশের দাহ্য বস্তুতে লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ঘর থেকে আশপাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৭টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে অসাবধানতাবশত আগুন ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

