মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা’র শিবরায়ের কান্দী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শিবরায়ের কান্দী গ্রামের মাহবুব মোল্লার বাড়ির গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, প্রথমে গোয়ালঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। সে সময় ঘুয়াল ঘরের ভেতরে বাঁধা থাকা গবাদিপশুগুলো বের করার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভেতরে থাকা ৭টি গরু ও ১টি ছাগলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত মাহবুব মোল্লা জানান, গোয়ালঘরে থাকা গরু ও ছাগলই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তার দাবি, গরুগুলো উন্নত জাতের ও দুধেল হওয়ায় প্রতিটির বাজারমূল্য বেশি ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে গোয়ালঘরের কাঠামো, খড়, পশুখাদ্য ও কৃষিকাজের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। ফলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

