আন্তর্জাতিক ডেস্ক:
গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
হামলাটি ঘটে সোমবার (১৬ জুন) সকালে, যখন শত শত ক্ষুধার্ত ও আশ্রয়হীন ফিলিস্তিনি মার্কিন-সমর্থিত সংস্থা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রের সামনে খাদ্যের জন্য জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকেই নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেড ক্রস পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল জানিয়েছে, এই হামলার পর তারা এককভাবে সবচেয়ে বেশি আহত রোগী গ্রহণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ মানবিক সংকট’ বলে অভিহিত করেছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অমানবিক’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার এলাকা ছিল একটি “সক্রিয় যুদ্ধক্ষেত্র”, এবং তারা নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়ায় গুলি চালিয়েছে।
ঘটনার পর জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন,
“এই পরিস্থিতি মর্মান্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।”
হামলার ঘটনাটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

