ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) এই ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে।
বিপিসি জানিয়েছে, সোমবার দুপুর ৩টা ২০ মিনিট থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে পাম্পিং চললে বুধবার সন্ধ্যার মধ্যে ৫ হাজার টন ডিজেল সরবরাহ শেষ হবে। এই ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। ২০২৩ সালের মার্চে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি পরিবহন সম্ভব।
আগে ২০১৬ সাল থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হতো, তবে পাইপলাইন চালু হওয়ার পর পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশে দৈনিক ডিজেলের স্বাভাবিক চাহিদা ১২-১৩ হাজার মেট্রিক টন, যা দেশের জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাম্প্রতিক দিনগুলোতে মানুষের আতঙ্কের কারণে চাহিদা হঠাৎ বেড়ে ২০ হাজার মেট্রিক টনে পৌঁছেছিল।

