রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মতি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে জাদীর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১ মার্চ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ভোর ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘকে পিন্ডদান, চীবর দান ও অর্থদান, আমন্ত্রিত অতিথি ও দায়ক-দায়িকাদের আপ্যায়ন অনুষ্ঠিত হয়। বিকেলে পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও উৎসর্গ পর্ব এবং সন্ধ্যায় প্রদীপ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে আগত অতিথিদের জন্য ভোজের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মতিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার-এর বিহার অধ্যক্ষ নাগিন্দ্যা ভিক্ষু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নাক্যছড়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, মিয়ানমার সরকার কর্তৃক “মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধিপ্রাপ্ত পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথের।
এছাড়া প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘনায়ক, দূরদূরান্ত থেকে আগত দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


