আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের লাল বাজার রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের শান্তিনগর এলাকার মৃত নাসির মিয়ার ছেলে হানিফ, একই এলাকার গোপাল মিয়ার ছেলে মো: সৈকত, পৌর শহরের রেলওয়ে পূর্ব কলোনীর খোকন মিয়ার ছেলে মো: অপু মিয়া, কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জাসু মিয়ার ছেলে ইয়াছিন।
বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, এস.আই(নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ দল পৌর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে কাজ করছেন। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে পৌর শহরের লালবাজার রেলক্রসিং এলাকায় পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসময় ৪ ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
অজ্ঞাতনামা অন্ত:ত ১০-১২ জন ডাকাত পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা যায়নি।
এসময় ডাকাতরা ফেলে যাওয়া ২ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী রাম দা, ১টি ষ্টিলের তৈরী ছুরি, ১টি সুইচ গিয়ার ছুরি, ১টি কাঠের বাটযুক্ত রাম দা, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম বলেন, ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

