বান্দরবানে হরিণ শিকারের অভিযোগে বাবা-ছেলেসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বন বিভাগ জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—সুয়ালক ইউনিয়নের দিল মোহাম্মদ (৪৪), তাঁর ছেলে আবু তাহের (১৮), জোবায়ের (২৭) এবং সাইফুল ইসলাম (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ মিলিটারি ট্রেনিং এরিয়া (বিএমটিএ) সংলগ্ন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি শিকারি চক্র গোপনে হরিণ শিকার করে আসছিল। ওই এলাকায় হরিণের বিচরণ বেশি থাকায় জালের ফাঁদ পেতে শিকার করা হতো বলে অভিযোগ রয়েছে।
বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সুয়ালক এলাকায় দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিকারি চক্রের বিষয়ে আগে থেকেই তথ্য থাকলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে প্রমাণসহ চারজনকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

