সৌদি আরবের পূর্বাঞ্চলে স্বল্প সময়ের ব্যবধানে বিপুল সংখ্যক ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় দেড় ঘণ্টার মধ্যে ৩৭টি ড্রোন ওই অঞ্চলের দিকে ধেয়ে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলো কোন উৎস থেকে উৎক্ষেপণ করা হয়েছে—সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি।
এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে সৌদির তেল স্থাপনায় হামলার ঘটনায় তেহরান জড়িত নয়। তার দাবি, যদি ইরান এমন কোনো হামলা চালাত, তবে তা প্রকাশ্যে স্বীকার করা হতো।
রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরপরই সৌদির পূর্বাঞ্চলে স্বল্প সময়ের মধ্যে ৩৭টি ড্রোনের অনুপ্রবেশের ঘটনা সামনে আসে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান শর্তহীন আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আত্মসমর্পণের কোনো প্রশ্নই তোলে না এবং যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত তাদেরই।
ইরানে হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও অন্যান্য স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

