কাতারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এক বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেফতার করেছে।
মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ধারণ, প্রচার ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কাতার সরকার এই ধরনের কর্মকাণ্ডকে দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আইনত দণ্ডনীয় বলে বিবেচনা করছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের পরিচয় বা তারা কী ধরনের নির্দিষ্ট তথ্য ছড়িয়েছিলেন, তা এখনও প্রকাশ করা হয়নি।
কাতারের আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া চলছে।
(সূত্র: আলজাজিরা)

