রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্যবাহী ইউনিট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। কর্মসূচির শুরুতে ফজরের নামাজের পর ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণে দেশের শান্তি, সমৃদ্ধি ও বাহিনীর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ব্যাটালিয়ন সদরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।
১৯৯৬ সালের ৮ এপ্রিল দিনাজপুর সেক্টরের অধীনে ঠাকুরগাঁও জেলায় ‘৪১ রাইফেল ব্যাটালিয়ন’ হিসেবে যাত্রা শুরু করে এই ইউনিট। পরবর্তীতে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে ২০১৮ সালের ২৭ জুন কাপ্তাইয়ে স্থানান্তরিত হয়।
বর্তমানে কাপ্তাই ব্যাটালিয়ন পার্বত্য অঞ্চলের প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছে। ইউনিটটি মাদক ও নারী-শিশু পাচার, চোরাচালান দমন, অস্ত্র ও অবৈধ কাঠ জব্দ, পাহাড়ি এলাকায় সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র’-এর নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে।
দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি।
তিনি বলেন, “কাপ্তাই ব্যাটালিয়ন দীর্ঘ ৩০ বছর ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই আয়োজন সদস্যদের মনোবল বৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ সুসংহত করবে।”
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কাপ্তাই ব্যাটালিয়ন তাদের গৌরবময় ৩০ বছরের পথচলার স্মরণীয় দিন উদ্যাপন করে।

