এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের সদর উপজেলার এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় ৩ জনের মৃত্য্রুদন্ড দিয়েছে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। ১১ মার্চ এ রায় দেন সংশ্লিষ্ট আদালত। একই মামলায় ১ জন আসামী বেকসুর খালাস পেয়েছে। দন্ডপ্রাপ্ত প্রত্যেকজনকে ১ লাখ টাকা করে জড়িমানা করেছেন আদালত।
জানা যায়, জামালপুর সদর উপজেলার পাকুল্লা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ফারুক হোসেন(৩০), আলী আকবরের ছেলে মুনসুর আলী(২৮)ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন(২১) পাকুল্লাগ্রামের এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষকরা গৃহবধূর স্বামীকে বেধে রেখে জোর পূর্বক ধর্ষণ করে। ২০২৩ সালের ১৯ জুলাই রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৩ সালের ২০ জুলাই ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫৭/৬১৫। জামালপুর সদর থানার পুলিশ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ৪ জনের নামে চার্জশীট প্রদান করেন।
আদালতে স্বাক্ষ প্রমান শেষে ঘটনার বিষয়ে আদালতে প্রমানিত হওয়ায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১১ মার্চ দুপুরে আসামী ফারুক হোসেন, মুনসুর আলী ও ফেরদৌস হোসেনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জড়িমানা করেন। একই মামলায় অপর আসামী জালাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম(২১) খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন ফজলুল হক। রায় ঘোষনাকালে ৪ জন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।

