প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার দৌলতখালী হাজীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত তিনজনই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহতরা হলেন— দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪)। আহত সাইফ হোসেন (১৪) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে হাজীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে আনার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

