তেল পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন না করা, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।
অভিযানকালে শহরের হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশন-এ তেল পরিমাপ যন্ত্র যাচাই না করা ও অনিয়মের অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্স-কে একই আইনের ৩২(১)/৪৮ ধারায় ১ হাজার টাকা এবং রেলগেট এলাকার সৌদি খেজুর ঘর-কে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর সংশ্লিষ্ট ধারায় আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

