মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকেলে দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) বিকেলে এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলাধীন দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গেইট সংলগ্ন সিরাজের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে জাহাঙ্গীর শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর শেখ দৌলতদিয়া এলাকার মজিদ শেখের পাড়া বড় মসজিদ সংলগ্ন ২নং ওয়ার্ডের ইদ্রিস মোল্লার ছেলে।
আরেকটি পৃথক অভিযানে এসআই ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্সসহ একই এলাকার লাল ভানুর গেইট সংলগ্ন বাঁশের সাঁকুর পশ্চিম মাথায় কাঁচা রাস্তার উপর ১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী ফরিদপুর সদর উপজেলার উত্তর চর মাধবদিয়া রাজাই বেপারী ডাঙ্গীর মৃত সামচুল শেখের ছেলে মো. সুজাত শেখ (২৫) ও একই উপজেলার কছিমউদ্দীন বেপারী ডাঙ্গীর মৃত মোয়াজ্জেম মোল্লার ছেলে জুয়েল মোল্লা (২১)। পৃথক অভিযানে আটককৃত তিনজনের কাছ থেকে মোট ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।ছবিসহ সংবাদদাতা-

