ফেনী জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত আদেশে বিভিন্ন ফিলিং স্টেশনের জন্য পৃথকভাবে সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে উপজেলা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারকির দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের জ্বালানি মজুদ রেজিস্টার যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেলের হিসাব মিলানো, ডিপস্টিক/ডিপরডের মাধ্যমে পরিমাপ, মিটার রিডিং ও বিক্রয় পর্যবেক্ষণসহ প্রতিদিন অন্তত তিনবার তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এসব কার্যক্রমের মাধ্যমে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধ করাই মূল লক্ষ্য।

