ঝালকাঠি প্রতিনিধি:
বঙ্গপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গপসাগর নিকটবর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে তা নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।
স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, বঙ্গপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গপসাগরে নিয়মিতভাবে মাছ শিকারে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়দ্দার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে এই দানবদেহি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস বন্দরে নিয়ে যান মাছের আড়দ্দার আব্দুল হাই।
কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়।

