ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আগামীকাল বিকেল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট জবাব না এলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি দেওয়া হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে শরিফ ওসমান হাদির জানাজা শেষে তিনি এ কথা বলেন। এ সময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
সমাবেশে উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও জানান।
এর আগে বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
হাদির দাফন শেষে বিকেল সাড়ে ৪টার পর শাহবাগে জমায়েত আরও বড় হতে থাকে। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছায়।

