এবারের আইপিএল নিলাম কবে, কোথায়?
২০২৬ সালের আইপিএল নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টানা তৃতীয় বছরের মতো বিদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল নিলাম। ২০২৪ সালে প্রথমবার বিদেশে (দুবাই) নিলাম হয়, এবং ২০২৫ মৌসুমের জন্য দু’দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়।
অন্য সব মিনি নিলামের মতো, ২০২৬ আইপিএল নিলাম হবে এক দিনের। ২০২৫ সালের স্কোয়াড থেকে কোন খেলোয়াড়কে ছাড়া হবে আর কাকে রাখা হবে, তার তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ৩টার মধ্যে জমা দিতে হবে। এরপর নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে, যেখানে তারা চূড়ান্ত নিলাম পুলের জন্য নাম বাছাই করবে।
আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ নিলাম শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত খোলা থাকবে। নিলামের পরে ট্রেডিং আবার চালু হবে এবং চলবে আইপিএল শুরুর এক মাস আগ পর্যন্ত। তবে নিলামে যাদের কেনা হবে, তাদেরকে কোনো দল ট্রেড করতে পারবে না।
আইপিএলের ইতিহাসে পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদলের ঘটনা ঘটেছে। চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস থেকে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে এনেছে, যার বিনিময়ে দিয়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন। মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি রুপিতে শার্দূল ঠাকুর এবং ২ কোটি ৬০ লাখ রুপিতে শেরফান রাদারফোর্ডকে দলে নিয়েছে। এছাড়াও ৩০ লাখ রুপিতে অর্জুন টেন্ডুলকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে দলে যোগ হয়েছেন।
২০২৬ আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি: ১৫ মার্চ থেকে ৩১ মে।

