রাজধানীর ডেমরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীরা হলেন—২৫ বছর বয়সী ইরাম রেদওয়ান এবং ২৫ বছর বয়সী অপু আহমেদ। ইরাম রেদওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর এবং অপু আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতদের বন্ধু তাওসিফ, যিনি আহতদের হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি জানান, ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে নিজেদের বাসায় ফিরছিলেন। তারা ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুত গতির ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক প্রথমে অপু এবং কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইরাম ও অপু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
তিনি আরও নিশ্চিত করেন, দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করা হয়েছে।

