দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীকে মালবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ এক নারী যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১ টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় একটি ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক ও ভ্যানে থাকা এক নারী যাত্রী মারা যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানচালক ফুলবাড়ী উপজেলার দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলেই ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানে থাকা এক নারী যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহতরা হলেন—ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) এবং আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

