সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি পুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়ালপাড়ার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

