পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দেশে গত ১৭ বছর নির্বাচিত সরকার ছিল না, এবং এই সময়ের সৃষ্টি হওয়া জঞ্জাল দেশের জন্য পরিস্কার করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেন। তিনি বলেন, “আমরা নির্বাচিত সরকার হিসেবে সকল কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে জনগণের স্বার্থে এগিয়ে নেব। যারা খাল দখল করেছেন বা বিশেষ সহযোগিতার প্রয়োজন তাদেরকেও নিয়ম মেনে কাজে যুক্ত করতে হবে।”
মন্ত্রী আরও জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সময় এই ধরনের খাল খনন কার্যক্রম শুরু হয়েছিল, যা উৎপাদন দ্বিগুণ এবং মাছের চাষ বৃদ্ধি করতে সহায়ক হয়েছে।
তিনি বলেন, “খালে জমে থাকা ময়লা ও দখলদারদের সমস্যা সমাধান করা না হলে খাল খননের সুবিধা পূর্ণভাবে পাওয়া যাবে না। সেজন্য খাল খনন অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা প্রয়োজন।”
এসময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

