চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করা হয়। রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল বগি, ধামা, চাইনিজ কুড়াল, ছুরি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি; তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন।
চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পায়। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা দতন্ত সাপেক্ষে জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

