আফগানিস্তান পাকিস্তানের হামলার জবাবে পরিচালিত পালটা অভিযানে পূর্বাঞ্চলের কুনার ও নানগারহার প্রদেশের ‘ডুরান্ড লাইন’ সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় পাকিস্তানের ১৪ জন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে ‘রাদ-উল-জুলুম’ নামের অভিযানের সময় পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ‘হামজা’ লক্ষ্য করা হয়। সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ভেতরেও বিমান হামলা চালিয়ে সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীও হামলা অব্যাহত রেখেছে এবং পাকতিকা ও কুনার প্রদেশে আঘাত হেনেছে। কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে, এতে অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
পাকিস্তানি সেনাবাহিনীও এক বিবৃতিতে স্বীকার করেছে, ইসলামিক এমিরেটের পক্ষ থেকে চালানো ড্রোন হামলায় কুয়েটা, কোহাট ও রাওয়ালপিণ্ডির কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছিল।

