নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। একই ঘটনায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা অভিযানে প্রথমে গোদনাইল মেঘনা ডিপো এলাকার একটি অটোরিকশা গ্যারেজে তল্লাশি চালানো হয়। সেখানে থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে একই রাতের শেষভাগে মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযানে সিফাত গাজী নামে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে নাসির নামে আরেকজনকে এক মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি সদস্য এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

