মুন্সীগঞ্জের গজারিয়ায় ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবীণ নারী আমেনা বেগম। পরিবারের দাবি, তার বয়স প্রায় ১৩৫ বছর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তিনি ভোট দেন। আমেনা বেগম দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা। বয়সজনিত কারণে নিজে হাঁটতে না পারায়, ছেলে শামসুল হক ঢালী তাকে কোলে নিয়ে কেন্দ্রে আসেন।
ভোট দেওয়ার পর আমেনা বেগম বলেন, “আমার শরীর ভালো না। ছেলেকে বলেছি, ভোটের দিন আমাকে নিয়ে যাস—আমি ভোট দেব। হাঁটতে পারি না, তাই কোলে করে এনেছে। আমি যাকে ভালো পাই, তার ভোট দিয়েছি। ভোট দিয়ে ভালো লাগছে।”
শামসুল হক ঢালী জানান, তার মা নিজে থেকেই ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন,
“মা হাঁটতে পারেন না। বয়স অনেক হয়েছে। তাই তাকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে মা খুব খুশি।”
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, আমেনা বেগমের সঠিক বয়স জানা না গেলেও তিনি এলাকার সবচেয়ে প্রবীণ নারী। তাকে ছেলের কোলে নিয়ে ভোট দিতে আসতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।
কেন্দ্রে এ সময় উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে তার ছবি ধারণ করেন। স্থানীয়দের মতে, শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করা গণতান্ত্রিক চেতনার প্রাণবন্ত উদাহরণ।

