ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌর শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো প্রায় ১২টি বসতঘর। দুপুর ৩টার দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৪০-৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানিয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, দুপুর ৩টার দিকে চিল্লা চিল্লা শুনে বাহিরে এসে দেখি দাও দাউ করে আগুন জ্বলছে তরিগরি আমরা স্থানীয়রা যে যেরকম পেরেছি পানি মেরে আগুন নেবানোর চেষ্টা করেছি তারপরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব কিছু পুরে ছাই। তবে ১০-১২ টি ঘরকে সম্পূর্ণ পোরা থেকে রক্ষা করা গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ও সিভিল ডিফেন্স মোঃ সেলিম মিয়া বলেন, প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

