নাটোরের সিংড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল বাজারে অভিযান চালিয়ে ‘আশা ট্রেডার্স’-এর মালিক আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি সংকটের সময় অবৈধ মজুতের অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্টসহ মোট ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠানটির মালিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত তেল পরবর্তী সময়ে বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।

