গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বিলম্ব হচ্ছে এবং বিএনপি এসব বিষয়ে উপেক্ষার অবস্থান নিচ্ছে বলে তাদের অভিযোগ। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ১১ এপ্রিল সারাদেশে উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হবে।

