ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।
এ সময় খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে এবং নির্বাচন-পরবর্তী সময়ে নির্যাতনের অভিযোগ বাড়ছে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, নতুন করে দমন-পীড়ন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবি জানান।

