যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় শহর কেমব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভোরে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে—এটি একটি বড় ধরনের ঘটনা। আহতদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক।
কেমব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হান্টিংডন রেলওয়ে স্টেশনে বড় পরিসরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়; এতে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স, একাধিক অ্যাম্বুলেন্স ও ক্রিটিক্যাল কেয়ার টিম অংশ নেয়।
ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এটি ‘ভয়াবহ ও গভীর উদ্বেগজনক’ একটি ঘটনা।

