মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে ২–৩ জনের অবস্থা গুরুতর।
রোববার (৮ মার্চ) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ইউনিয়নের রুদ্রপাড়ায় হারুন–মান্নান গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, অভিযানে হারুন, মান্নান ও মহসিন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি লাইসেন্সকৃত অস্ত্র ও ব্যবহৃত গুলি জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গোলাগুলিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

