বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দূর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবনী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


