এম এ আউয়াল আশিক,
ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে সিরাজদীখান থানাধীন কেইয়ান ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় দুই ব্রিজের মাঝামাঝি মাওয়ামুখী বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ট-১৩-৭৩৬৫ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ঢাকা থ-১৪-১৩৫৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক জনি (৪০)কে আটক করে গণধোলাই দিলে তিনি আহত হন। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহামুদুল হক জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

