নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে বিপুল অঙ্কের ব্যাংক ঋণ গ্রহণের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি দাবি করেন, মাত্র ৫২ দিনের ব্যবধানে সরকার প্রায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংক-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্র এখন ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুস্পষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচিত ঋণের বড় অংশ আগের সরকারের নেওয়া ঋণের ধারাবাহিকতা বা ‘ক্যারিওভার’। এটি বর্তমান সরকারের নতুন দায় নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সরকারের অর্থনৈতিক নীতির লক্ষ্য হলো ধাপে ধাপে স্থানীয় ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানো। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়টি ঘিরে সংসদে আলোচনা ও পাল্টা বক্তব্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

