সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা থানায় নতুন রেকাব উদ্বোধন করা হয়। মহাসড়কে দুর্ঘটনাকবলিত বা বিকল গাড়ি দ্রুত সরিয়ে যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি নতুন রেকার দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ঢাকা – সিলেট মহাসড়কের সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় এই রেকারটির উদ্বোধন করা হয়। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম রেকারটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ যানজটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াত করা যাত্রীদের অনেকক্ষণ আটকে থাকতে হতো, যার ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ যানজটের প্রধান কারণ ছিল ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ি দুর্ঘটনায় পড়লে বা গাড়ি নষ্ট হলে গাড়িটি রাস্তা থেকে সরানোর কোন ব্যবস্থা ছিল না। নতুন রেকারটি সংযোজনের ফলে দুর্ভোগ অনেক কমে যাবে।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া অংশে কোন রেকার ছিলনা। আমরা হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ২০ টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার খাঁটিহাতা হাইওয়ে থানায় পেয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যবহার করার জন্য এটি উদ্বোধন করা হলো । আশাকরি এ রেকার ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে আমরা আরো কার্যকর ভুমিকা পালন করতে পারব।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঢাকা ও সিলেটবাসী দুর্ভোগের স্বীকার হতো। যানজটের মূল কারণ ছিল এই মহাসড়কে কোন গাড়ি বিকল হলে তা সরানোর ব্যবস্থা ছিলনা। আমাদের সিলেট রিজিওনের পুলিশ সুপার মহোদয়ের চেষ্টার ফলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা একটি নতুন রেকার পেয়েছি। রেকার পাওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আমরা আরো ভাল সেবা দিতে পারব। আশাকরি মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

