চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত হয়ে উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।
এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে খুঁজে পান সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে দ্রুত মা-বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন শিশুটির মা।
পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ইকোপার্কের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত অল্প বয়সী একটি শিশু কীভাবে একা এত দূরে গেল, নাকি তাকে কেউ নিয়ে গেছে, কিংবা পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

