জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি হলপাড়া হয়ে টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, সাইফুল্লাহর বাড়িতে শুধু অগ্নিসংযোগই করা হয়নি; তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।

