নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশ গঠনের কাজে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার শপথগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ্যানি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতার মধ্যদিয়ে জনগণের নির্বাচিত সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

