ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে জামায়াত ও তাদের সহযোগী শক্তি (এনসিপি) ভূমিকা রেখেছে। তার দাবি, সরকারপ্রধান নিজেও এ বিষয়ে মন্তব্য করেছেন। এ কারণে জামায়াত ও এনসিপি ক্ষমতায় থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলছে বলেও তিনি অভিযোগ তোলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী এখনো ১৯৭১ সালের স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করতে পারেনি। তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, এ গোষ্ঠী নিয়মিত বিএনপির বিরুদ্ধে কটূক্তি করছে এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা একটি পক্ষ ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে। কিছু রাজনৈতিক দল বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে পরিকল্পিত উদ্যোগ চলছে; তা সম্ভব না হলে নির্বাচন নস্যাৎ করার চেষ্টা হতে পারে। ভোট কারচুপির আশঙ্কার কথাও তুলে ধরে তিনি বলেন, ফলাফল বদলে দেওয়ার ঝুঁকি রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
মির্জা আব্বাস বলেন, জনগণের সঙ্গে প্রতারণা বা ষড়যন্ত্রের রাজনীতি গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ফলাফল নিয়েই তারা ঘরে ফিরতে চান। বিরোধীপক্ষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবেন না বলে জানান এই প্রার্থী।

