ডা. আজাদ খান প্রতিনিধি
মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে প্রবেশ করায় এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তার চলাফেরা ও আচরণ অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের অবহিত করে। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, আটক কিশোরটি গত বছর এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করত। পরে সে অন্য একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছিল—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা কিশোরটিকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিকভাবে প্রশ্নের জন্ম দিয়েছে।মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলেপাঠানো হয়েছে। বাজারে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা ও কিশোরদের মানসিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

