ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের মহাসড়কে একের পর এক চাঁদাবাজির ঘটনায় এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল মঙ্গলবার মহাসড়কে পোনাবাহি মাছের গাড়ি আটক করে লাখ টাকা চাঁদা হাতিয়ে নেয়া এবং চাঁদা না পেয়ে আরকটি গাড়ি ভাংচুর ও চালককে মারধরের ঘটনা প্রকাশের পরই ক্ষুব্ধ হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই জেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ও সেক্রেটারিকে ঢাকায় জরুরি তলব করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (২০ই মে) সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের জন্য বরিশাল ছাড়েন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।
খোঁজ নিয়ে জানাগেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একের পর এক চাঁদাবাজির ঘটনা সামনে আসায় ক্ষিপ্ত কেন্দ্রীয় ছাত্রদল। বিষয়গুলো বিস্তারিত জানতে এবং এর যথাযথ ব্যাখ্যা জানার জন্যই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকে ঢাকায় জরুরি তলব করেছে। চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে বিপদের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, চাঁদাবাজির নিউজগুলো ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে এজন্য ডেকে পাঠিয়েছে সভাপতি সেক্রেটারিকে। যদি তারা উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারে তাহল বিপদ হতে পারে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত সন্ধ্যা ৬ টায় বলেন, আমরা এখনো সাক্ষাৎ করতে পারিনি। সাক্ষাতের পরে বিস্তারিত জানাবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সভাপতি ও সেক্রেটারি ঢাকায় এসেছি সাংগঠনিক কাজে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির সাথে।
ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক হাসান মামুন বলেন, অভিযোগ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা নিউজ দেখেছি। অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ চলতেছে।
এবিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি।

