জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর দৃশ্য তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, “ছাত্রদলের সভাপতির নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের আমলেও কাউকে এভাবে দৌড়াতে দেখিনি।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে। বিষয়টি রাজনৈতিক শিষ্টাচার ও ছাত্রসংগঠনের মর্যাদার পরিপন্থী হিসেবে দেখছেন তিনি।
ছাত্রদলের উদ্দেশে সারজিস বলেন, “ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড বা স্ট্যান্ডার্ড তৈরি করা প্রয়োজন। আপনারা এমন এক সংস্কৃতি গড়ে তুলবেন, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেবল নেতার পেছনে দৌড়ানো ছাত্ররাজনীতির মূল আদর্শ হতে পারে না।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, “দেশে এখন এক অদ্ভুত রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে সুস্থ ধারার রাজনৈতিক কার্যক্রমের বদলে চলছে এক ধরনের অভিনয় প্রতিযোগিতা।”
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

