রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার বিহারি ক্যাম্প থেকে এক দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওয়াপদা তিন বিল্ডিং সংলগ্ন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের চারজনের মরদেহ পায়।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পরিবারটি আর্থিক সংকটে ছিল। হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

