মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আইনজীবী এম. মাসুদুর রহমান মাসুদ। তার উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ১ হাজার পথচারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আসরের নামাজের পর নাগেশ্বরী পৌর ছাত্র শিবিরের আয়োজনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যস্ততম এই এলাকায় দিনভর কাজ শেষে রোজা রেখে বাড়ি ফেরার পথে থাকা পথচারী, দিনমজুর, ভিক্ষুক ও নিম্নআয়ের মানুষদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতারের প্যাকেটে ছিল বিরিয়ানি খাবার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মাসুদুর রহমান মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ, সাবেক সভাপতি জেলাল উদ্দিন এবং পৌর ছাত্রশিবিরের সভাপতি মুগ্ধ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইফতার পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। অনেকেই জানান, সারাদিন রোজা রেখে রাস্তায় থাকার কারণে সময়মতো ইফতার করা সম্ভব হয় না। এমন উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। স্থানীয়রা এ ধরনের মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামান্য এই প্রচেষ্টা যদি কারো মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে, এমন মানবিক উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

