উৎফল বড়ুয়া
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী। পারিবারিক ঐতিহ্য ও পৈতৃক সূত্রে আইন পেশায় আসা এই খ্যাতিমান আইনজীবীর নিয়োগে আইন অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শিক্ষাজীবনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে গিয়ে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং লন্ডনের ঐতিহাসিক লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দীর্ঘ আইন পেশায় তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পেশ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পরে বর্তমান সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের পর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য আছে।

