জামালপুরে নিজের স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছেন বলে অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে পুলিশ আটক করেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায়।
নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের মা এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘটনার সময় দুই সন্তান নানিবাড়িতে ছিলেন।
পুলিশ জানায়, ১৫ বছর আগে বিয়ে হওয়া দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিক ধারণা, এই কলহের জেরে তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনাকে হত্যা করেছেন। হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস আগুন নেভায় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করা হয়।
জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহই হত্যার কারণ।

