আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এবার বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ৷ আগামি ১২ তারিখ জনতা তাদের লাল কার্ড দেখাবে। ১৩ তারিখ থেকে দেশবাসি একটি নতুন বাংলাদেশ পাবে। সেদিন থেকে আমরা মায়েদের মাথার ওপর তুলে রাখব। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, যুবকদের আমরা বেকার ভাতা দিব না৷ মেধাকে মূল্যায়ন করে কাজ দিব। যেন তাদের দুহাত শক্ত হয়। অতীতে সরকারি অফিস ও প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আমরা চাই না সরকারি কােন অফিস রাজনৈতিক দলের ঠিকানা হোক। কক্সবাজার কেন সিংগাপুর ও হংকং হতে পারল না। লুটেরা এবং ব্যাংক ডাকাতদের কারণে কক্সবাজার বিকশিত হয়নি৷ প্রাণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। রাজার ছেলের রাজা হোক এটাতে বিশ্বাসী নয় আমরা। রিক্সাচালকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে তার যোগ্যতা দিয়ে।
সোমবার ২ ফেব্রুয়ারি বাহারছড়া গোলচত্বর মাঠে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমীর, টেকনাফ-উখিয়া সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও আসনের এমপি পদপ্রার্থী শহিদুল ইসলাম বাহাদুর, চকরিয়া-পেকুয়া আসনের এমপি পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ হোসেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইব্রাহিম, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, সাবেক মেয়র সরওয়ার কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, মুফতি হাবিব উল্লাহ, জামায়াতের সদর আমীর মাওলানা খুরশেদ আলম আনসারী, এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কাসেম, জামায়াতের শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সাইদুল আলম, টেকনাফ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, এলডিপি জেলা সেক্রেটারি মাস্টার শফিকুল ইসলাম, নেজামে ইসলামী পার্টি নেতা এম. নুরুল হক চকোরি, জেলা খেলাফত মজলিস সেক্রেটারি জেএইচএম ইউনুস, খেলাফত মজলিস সহ সভাপতি নুরুল্লাহ জিহাদী, আমিনুল হক, ইসলামপুর জামায়াত নেতা দেলোয়ার হোসেন, জেলা এনসিপি’র সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, এনসিপি নেতা রাইয়ান কাসেম, খালিদ বিন সাঈদ ও জুলাই আন্দোলন নেতা শহীদ আহসান হাবিবের চাচা মাসুদ সিদ্দিকী।
এর আগে কক্সবাজারের মহেশখালীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

